আয়কর রিটার্নে বাড়ি-গাড়ির তথ্য দেবেন যাঁরা

BD REPORT
বিডি-রিপোর্ট 29 Oct 2026 07:10 am
আয়কর রিটার্নে বাড়ি-গাড়ির তথ্য দেবেন যাঁরা

সংগৃহীত

আয়কর রিটার্নে সম্পদের বিবরণী জমা দেওয়া সবার জন্য বাধ্যতামূলক নয়। তবে নির্দিষ্ট শর্ত পূরণ করলে সম্পদের পরিমাণ ৫০ লাখ টাকার কম হলেও বাড়ি, ফ্ল্যাট, গাড়ি ও অন্যান্য সম্পদের হিসাব দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিয়ম অনুযায়ী, তিন শ্রেণির করদাতার জন্য সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। এ জন্য আয়কর রিটার্নের আইটি-১০বি (২০২৩) ফরম ব্যবহার করতে হয়।

যাঁদের সম্পদের বিবরণী দিতে হবে

১. সরকারি কর্মকর্তা-কর্মচারী

সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে পদ ও গ্রেড অনুযায়ী সম্পদের বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক। এর মাধ্যমে তাঁদের সম্পদের পরিবর্তনের হিসাব পর্যবেক্ষণ করা হয়।

২. ৫০ লাখ টাকার বেশি সম্পদ থাকলে

দেশে ও বিদেশে মিলিয়ে মোট সম্পদের মূল্য ৫০ লাখ টাকার বেশি হলে সম্পদের বিবরণী দিতে হবে। বাড়ি, প্লট ও অ্যাপার্টমেন্টসহ স্থাবর সম্পদের মূল্য হিসাবের ক্ষেত্রে কেনার সময় বা মালিক হওয়ার সময়কার বাজারমূল্য বিবেচনায় নিতে হবে।

৩. সম্পদ ৫০ লাখ টাকার কম হলেও

মোট সম্পদের মূল্য ৫০ লাখ টাকার কম হলেও কয়েকটি ক্ষেত্রে বিবরণী জমা দিতে হবে। যেমন—আয়বর্ষের কোনো সময় মোটরযানের মালিক হলে, সিটি করপোরেশন এলাকায় বাড়ি বা অ্যাপার্টমেন্টে বিনিয়োগ থাকলে, বিদেশে সম্পদ থাকলে অথবা কোনো কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক হলে।

রিটার্নে কী কী সম্পদের হিসাব দিতে হবে

আইটি-১০বি ফরমে দেশে ও বিদেশে থাকা সম্পদের তথ্য দিতে হয়। এরমধ্যে রয়েছে— ব্যবসার সম্পদ, দায় ও মূলধন, শেয়ার ও অংশীদারি ব্যবসায় বিনিয়োগ, কৃষি ও অকৃষি জমি, বাড়ি ও ফ্ল্যাট, ব্যাংক আমানত ও সঞ্চয়পত্র, শেয়ার ও বন্ড, অন্যকে দেওয়া ঋণ, প্রভিডেন্ট ফান্ড, গাড়ি ও অন্যান্য মোটরযান, স্বর্ণালংকার ও আসবাবপত্র, নগদ অর্থ ও অন্যান্য সম্পদ।

সব সম্পদের মূল্য যোগ করে মোট সম্পদের হিসাব দিতে হয়। এরপর ফরমে করদাতার নাম, স্বাক্ষর ও তারিখসহ ঘোষণা দিতে হবে। অনলাইনে আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়ও নির্ধারিত ফরমে এসব তথ্য পূরণ করতে হয়।