পে-স্কেলের জটিলতায় আটকে গেছে দুই লাখ কর্মীর বেতন

BD REPORT
বিডি রিপোর্ট 28 Oct 2026 11:10 pm
পে-স্কেলের জটিলতায় আটকে গেছে দুই লাখ কর্মীর বেতন

সংগৃহীত ছবি

নতুন জাতীয় বেতন কাঠামো অনুযায়ী আগামী ১ নভেম্বর থেকে বর্ধিত বেতন ও চার মাসের বকেয়া পাওয়ার কথা সরকারি চাকরিজীবীদের। তবে বেতন নির্ধারণে জটিলতা ও সফটওয়্যার সমস্যার কারণে দুই লাখের বেশি সরকারি কর্মচারী নির্ধারিত সময়ে বাড়তি বেতন পাচ্ছেন না।

বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এখন টিভি। অর্থ মন্ত্রণালয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, নতুন কাঠামোয় বেতন নির্ধারণের কাজ শেষ না হওয়ায় অনেক কর্মচারীকে আপাতত পুরোনো স্কেলেই বেতন দেওয়া হবে।

২ লাখ কর্মীর বেতন নির্ধারণ বাকি

প্রতিবেদন অনুযায়ী, প্রায় ১৪ লাখ সরকারি কর্মচারীর মধ্যে ১২ লাখের নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ সম্পন্ন হয়েছে। বাকি প্রায় দুই লাখ কর্মীর বেতন নির্ধারণের কাজ এখনো শেষ হয়নি।

এছাড়া উল্লেখযোগ্যসংখ্যক পেনশনভোগী ও এমপিওভুক্ত শিক্ষকের বেতন নির্ধারণের কাজও বাকি রয়েছে।

যাঁদের বেতন নির্ধারণের কাজ শেষ হয়নি, তাঁরা আপাতত আগের কাঠামো অনুযায়ী বেতন পাবেন। পরবর্তী সময়ে জটিলতা নিরসন হলে তাঁদের প্রাপ্য বকেয়া পরিশোধ করা হবে বলে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে।

বেতন নির্ধারণে সফটওয়্যার ও গ্রেড জটিলতা

গত ১৭ সেপ্টেম্বর নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারির পর ৫ অক্টোবর থেকে বেতন নির্ধারণের কাজ শুরু হয়। তবে সরকারি বেতন ব্যবস্থাপনার সফটওয়্যার আইবাস++-এর জটিলতা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতার ঘাটতির কারণে কাজে সমস্যা দেখা দিয়েছে।

এ ছাড়া গ্রেডের ক্রম, উচ্চতর গ্রেড ও বাড়িভাড়া ভাতা নিয়ে বিভিন্ন অসংগতি রয়েছে। এসব সমস্যা সমাধানের জন্য বিভিন্ন মন্ত্রণালয় থেকে অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদারের কাছে আবেদন করা হয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সমস্যাগুলোর সমাধান হয়নি।

অর্থ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, জটিলতাগুলো দূর করতে অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নেওয়া হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করে বেতন নির্ধারণের কাজ শেষ করার উদ্যোগ চলছে।