ইউরোপে ৫ বছরে ১০ লাখ কর্মী পাঠাতে ‘মাস্টারপ্ল্যান ২০২৬–২০৩১’ ঘোষণা

BD REPORT
বিডি রিপোর্ট 09 Apr 2026 10:04 am
ইউরোপে ৫ বছরে ১০ লাখ কর্মী পাঠাতে ‘মাস্টারপ্ল্যান ২০২৬–২০৩১’ ঘোষণা

চার প্রবাসী সংগঠনের যৌথ সংবাদ সম্মেলন

ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা এবং অর্থনীতি পুনর্গঠনের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ১০ লাখ দক্ষ জনশক্তি পাঠানোর পরিকল্পনা ঘোষণা করা হয়েছে। ‘মাস্টারপ্ল্যান ২০২৬-২০৩১’ শীর্ষক এই পরিকল্পনার মাধ্যমে রেমিট্যান্স প্রবাহ ৩০০ শতাংশ বাড়ানো এবং জাতীয় রিজার্ভে অতিরিক্ত ১৫ থেকে ২০ বিলিয়ন ডলার যোগ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে চারটি প্রবাসী সংগঠনের যৌথ সংবাদ সম্মেলনে এ পরিকল্পনা তুলে ধরা হয়। সংগঠনগুলো হলো- ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতি (রোম), বাংলাদেশ প্রবাসী উন্নয়ন সমিতি (ঢাকা), বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশন এবং বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশন (বিএমএফ)।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতালবাংলা সমন্বয় ও উন্নয়ন সমিতির সভাপতি শাহ মোহাম্মদ তাইফুর রহমান ছোটন। তিনি জানান, ২০২৬ থেকে ২০৩১ সালের মধ্যে ইতালি, জার্মানি, ফ্রান্স, রোমানিয়া ও অস্ট্রিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে ১০ লাখ দক্ষ কর্মী পাঠানোই এই পরিকল্পনার প্রধান লক্ষ্য।

সংবাদ সম্মেলনে প্রবাসীদের জন্য সংসদে কোটাভিত্তিক সংরক্ষিত আসন এবং ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, দেড় কোটি প্রবাসীর রাষ্ট্রীয় অংশীদারিত্ব নিশ্চিত করা সাংবিধানিক অধিকার এবং নীতিনির্ধারণী পর্যায়ে তাদের প্রতিনিধিত্ব থাকা প্রয়োজন।

এছাড়া ইউরোপে বাংলাদেশি কর্মীদের ‘নিরাপত্তা ঝুঁকি’ হিসেবে দেখার প্রবণতা বন্ধ এবং শেনজেন ভিসা প্রাপ্তি সহজ করতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষায়িত ‘ইউরোপীয় উইং’ গঠনের প্রস্তাব দেওয়া হয়। এই উইং ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট শ্রম মন্ত্রণালয়গুলোর সঙ্গে সরাসরি সরকার-টু-সরকার (জি-টু-জি) চুক্তির মাধ্যমে কাজ করবে বলে জানানো হয়।

বক্তারা আরও বলেন, ভাষা ও কারিগরি দক্ষতা ছাড়া যেকোনো উপায়ে বিদেশ যাওয়ার প্রবণতা বন্ধ করতে হবে। দক্ষতা অর্জন করে বৈধ পথে বিদেশে গেলে অবৈধ হয়ে পড়ার ঝুঁকি কমে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।

সংবাদ সম্মেলনে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরকার গঠন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং নবনির্বাচিত সরকারকে অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রী ভিপি নূরুল হক নূরকে শুভেচ্ছা জানান বক্তারা।

এ সময় বাংলাদেশ মাইগ্রেন্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী এবং বাংলাদেশ মাইগ্রেন্টস ফাউন্ডেশনের চেয়ারম্যান জয়নাল আবেদীন জয় উপস্থিত ছিলেন।