সৌদি প্রবাসীদের সতর্কবার্তা, ছবি-ভিডিও শেয়ার না করার নির্দেশ

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 04:10 pm
সৌদি প্রবাসীদের সতর্কবার্তা, ছবি-ভিডিও শেয়ার না করার নির্দেশ

সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। পরিস্থিতি-সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও স্পর্শকাতর তথ্য ধারণ, মুঠোফোনে সংরক্ষণ, আদান-প্রদান কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার আহ্বান জানিয়েছে দূতাবাস।

সোমবার (১২ অক্টোবর) প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে ছবি, ভিডিও বা তথ্য প্রচার ও আদান-প্রদান সৌদি আরবের আইনে শাস্তিযোগ্য অপরাধ। তাই ফেসবুক, ইউটিউব ও এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের কিছু প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে।

নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ ও জনবহুল এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে সৌদি কর্তৃপক্ষের জারি করা নিরাপত্তা ও আইনি নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করতে প্রবাসীদের অনুরোধ জানানো হয়েছে।

জরুরি প্রয়োজনে প্রবাসী বাংলাদেশিদের দূতাবাসের হটলাইন নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে। নম্বরগুলো হলো- শ্রমসংক্রান্ত: ৮০০১০০০১২৫ (টোল ফ্রি), পাসপোর্টসংক্রান্ত: ৮০০১০০০১২৬ (টোল ফ্রি), ডিপ্লোম্যাটিক উইং: ৮০০১০০০১২৪ এবং মৃত্যু-সংক্রান্ত জরুরি প্রয়োজনে: +৯৬৬৫৭০২১২১৮০।

মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পর্কে নিয়মিত ও নির্ভরযোগ্য তথ্য পেতে বাংলাদেশ দূতাবাস, রিয়াদের ভেরিফায়েড ফেসবুক পেজ অনুসরণ করার পরামর্শও দেওয়া হয়েছে।