মক্কা প্রতিরক্ষা চুক্তি

এক দেশের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা

BD REPORT
বিডি-রিপোর্ট 29 Oct 2026 07:10 am
এক দেশের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা

সংগৃহীত

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি থেকে প্রথম ১০ বছর কোনো দেশই বের হতে পারবে না। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তিতে সদস্যদেশগুলোর সরে যাওয়ার বিষয়ে এমন শর্ত রাখা হয়েছে।

চুক্তির ১৬ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী, এটি কার্যকর হওয়ার পর ১০ বছর পার হলে কোনো সদস্যদেশ চুক্তি থেকে বের হওয়ার সুযোগ পাবে। তবে এ জন্য অন্য সদস্যদেশগুলোকে কূটনৈতিক মাধ্যমে অন্তত তিন মাস আগে লিখিতভাবে জানাতে হবে।

চুক্তিটির নির্দিষ্ট কোনো মেয়াদ শেষ হওয়ার তারিখ নেই। এটি অনির্দিষ্টকাল কার্যকর থাকবে। তবে নির্ধারিত শর্ত পূরণ করে কোনো দেশ চুক্তি থেকে সরে যেতে পারবে।

চুক্তিতে বলা হয়েছে, তিন দেশের কোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। আক্রান্ত দেশকে সহায়তায় অন্য দেশগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। সহায়তার ধরন ও পরিসর নির্ধারণ করা হবে পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোর সক্ষমতা বিবেচনায়।

চুক্তিতে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা সরঞ্জাম ও জ্বালানি সরবরাহ এবং গোয়েন্দা তথ্য বিনিময়ের বিষয়ও রয়েছে।

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির বিস্তারিত শর্ত সম্প্রতি প্রকাশ্যে এসেছে। তুরস্ক চুক্তিটি অনুমোদনের জন্য দেশটির পার্লামেন্টে পাঠিয়েছে।