প্রার্থনা ফারদিন দীঘি
শিশুশিল্পী হিসেবে দর্শকের ভালোবাসা পাওয়া প্রার্থনা ফারদিন দীঘির নায়িকা হিসেবে পথচলা যেন এখনো প্রত্যাশিত গতি পায়নি। বড় পর্দায় নিয়মিত দেখা মিলছে না তার, আটকে আছে নতুন সিনেমা ‘বিদায়’-এর মুক্তিও। ফলে অভিনয়ে ফেরার অপেক্ষার পাশাপাশি দীঘির ক্যারিয়ার নিয়েও তৈরি হয়েছে নতুন আলোচনা।
২০২১ সালে নায়িকা হিসেবে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত বড় কোনো সাফল্যের দেখা পাননি দীঘি। অথচ শিশুশিল্পী হিসেবে তার জনপ্রিয়তা ছিল বেশ ভালো। বড় হওয়ার পর সেই জনপ্রিয়তাকে চলচ্চিত্রে ধরে রাখাই যেন তার সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
দীর্ঘ বিরতির পর ২০২৪ সালের নভেম্বরে মুক্তি পেয়েছিল দীঘি অভিনীত সিনেমা ‘৩৬-২৪-৩৬’। রেজাউর রহমান পরিচালিত সিনেমাটি দর্শকদের মধ্যে প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। এরপর ২০২৫ সালের ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় অভিনয় করলেও সেখানে তার চরিত্রের পরিসর ছিল সীমিত। ফলে কেন্দ্রীয় চরিত্রে দীঘিকে দেখার সুযোগ পাননি দর্শকরা।
এই পরিস্থিতিতে ‘বিদায়’ সিনেমাটি ঘিরে নতুন করে আশাবাদ তৈরি হয়েছিল। ‘বরবাদ’খ্যাত মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফজলুর রহমান বাবু ও ফারুক আহমেদ। তবে একাধিকবার মুক্তির পরিকল্পনা করেও শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সিনেমাটি।
প্রথমে ২০২৫ সালের দুর্গাপূজায় সিনেমাটি মুক্তির কথা থাকলেও কাজ অসম্পূর্ণ থাকায় তা সম্ভব হয়নি। পরে ২০২৬ সালের কোরবানির ঈদে মুক্তির পরিকল্পনা করেন পরিচালক। তবে প্রযোজক শাহরিন সুলতানা সুমি এতে সম্মতি দেননি। সিনেমার কিছু শুটিং বাকি থাকার কথাও সামনে আসে।
সর্বশেষ চলতি বছরের দুর্গাপূজায় ‘বিদায়’ মুক্তির গুঞ্জন ছড়ালেও সেই সম্ভাবনাও শেষ পর্যন্ত থাকছে না। প্রযোজক সুমি জানিয়েছেন, সিনেমাটির একটি গানের চিত্রায়ন এখনো বাকি। গানটির শুটিং বিদেশে করার পরিকল্পনা রয়েছে। সব কাজ শেষ হলে আগামী বছরের কোনো এক সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ভাবছেন তারা। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
এদিকে ‘বিদায়’ ছাড়া দীঘির নতুন কোনো চলচ্চিত্রের খবরও আপাতত সামনে নেই। চলতি বছরের শুরুতে একটি ওয়েব সিনেমায় কাজ করলেও সেটি নিয়েও নতুন কোনো তথ্য পাওয়া যায়নি।
বর্তমানে বিভিন্ন পণ্য ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে সময় দিচ্ছেন এই অভিনেত্রী। তবে চলচ্চিত্রে তার প্রত্যাবর্তন কবে, সেটিই এখন বড় প্রশ্ন। শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়া দীঘি বড় পর্দায় আবারও নিজের জায়গা তৈরি করতে পারবেন কি না, তা নির্ভর করছে আগামী দিনের কাজ ও দর্শকপ্রতিক্রিয়ার ওপর।