মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে রুপালি পর্দা, অমলিন জসীম

BD REPORT
বিডি-রিপোর্ট 29 Oct 2026 03:10 am
মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে রুপালি পর্দা, অমলিন জসীম

চিত্রনায়ক জসীম

মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে ঢাকাই সিনেমার রুপালি পর্দায় এসে বীরত্ব, অ্যাকশন ও লড়াইয়ের দৃশ্যে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা জসীম। মৃত্যুর ২৮ বছর পরও তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি; বরং নতুন প্রজন্মের কাছেও তার অভিনয়, সংলাপ ও অ্যাকশন দৃশ্য এখনও সমানভাবে আলোচিত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রিয় এই অভিনেতার ২৮তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে মাত্র ৪৮ বছর বয়সে মারা যান তিনি। ১৯৫০ সালের ১৪ আগস্ট ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগর গ্রামে জন্ম নেওয়া জসীমের আসল নাম আবদুল খায়ের জসীম উদ্দিন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে অংশ নেন জসীম। যুদ্ধ শেষে চলচ্চিত্রে এসে সেই সাহসী ও দৃঢ় ব্যক্তিত্বের ছাপ নিজের অভিনয়েও ফুটিয়ে তোলেন। বিশেষ করে অ্যাকশন ও মারপিটের দৃশ্যে তিনি তৈরি করেন নিজস্ব একটি ধারা।

১৯৭২ সালে ‘দেবর’ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে অভিষেক হয় তার। পরের বছর জহিরুল হক পরিচালিত ‘রংবাজ’ সিনেমায় খলনায়কের চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন। সিনেমাটির অ্যাকশন দৃশ্যের সঙ্গে যুক্ত ছিল তার নিজস্ব প্রযোজনা সংস্থা ‘জ্যাম্বস ফাইটিং গ্রুপ’।

তবে জসীমের বড় পরিচিতি আসে দেওয়ান নজরুল পরিচালিত ‘দোস্ত দুশমন’ সিনেমার মাধ্যমে। হিন্দি ‘শোলে’র রিমেক এই ছবিতে তিনি গব্বর সিং চরিত্রে অভিনয় করেন। খলনায়ক হিসেবে জনপ্রিয়তা পাওয়ার পর নায়ক হিসেবেও দর্শকের ভালোবাসা অর্জন করেন তিনি। সুভাষ দত্ত পরিচালিত ‘সবুজ সাথী’ ছিল তার প্রথম নায়ক হিসেবে অভিনীত সিনেমা।

এরপর খলনায়কের চরিত্র থেকে সরে গিয়ে নায়ক হিসেবেই নিজের অবস্থান শক্ত করেন জসীম। দীর্ঘ অভিনয়জীবনে প্রায় দুই শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘দোস্ত দুশমন’, ‘কালিয়া’, ‘কাজের বেটি রহিমা’, ‘তুফান’, ‘লালু মাস্তান’, ‘বাংলার নায়ক’, ‘গরিবের ওস্তাদ’, ‘রাজা বাবু’, ‘স্বামী কেন আসামী’, ‘মেয়েরাও মানুষ’, ‘বুকের ধন’, ‘স্ত্রী হত্যা’ ও ‘ভালোবাসার ঘর’।

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে জসীমকে ঘিরে আগ্রহ কমেনি। ইউটিউব শর্টস ও ফেসবুক রিলসে তার অভিনয়, নাচ ও অ্যাকশন দৃশ্যের ভিডিও এখনও ছড়িয়ে পড়ে। তরুণদের অনেকেই তার সংলাপ অনুকরণ করেন; তাকে ঘিরে তৈরি হয় বিভিন্ন মিম ও বিনোদনমূলক কনটেন্ট।

মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে চলচ্চিত্রের পর্দা—জসীমের জীবন ও কর্মযাত্রা ছিল বৈচিত্র্যময়। সাহসী অভিনয় ও স্বতন্ত্র অ্যাকশনশৈলীর কারণে মৃত্যুর ২৮ বছর পরও বাংলা চলচ্চিত্রের দর্শকের কাছে অমলিন হয়ে আছেন এই জনপ্রিয় অভিনেতা।