জামদানি শাড়িতে পূর্ণিমার মায়াবী সাজ, মুগ্ধ ভক্তরা

BD REPORT
বিডি-রিপোর্ট 29 Oct 2026 08:10 am
জামদানি শাড়িতে পূর্ণিমার মায়াবী সাজ, মুগ্ধ ভক্তরা

দিলারা হানিফ পূর্ণিমা

জামদানি শাড়ি, খোঁপায় ফুল আর মায়াবী অভিব্যক্তিতে নতুন করে ভক্তদের নজর কেড়েছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা একগুচ্ছ ছবিতে তাঁর বাঙালিয়ানার সাজ প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করেন পূর্ণিমা। নান্দনিক জামদানি শাড়ির সঙ্গে খোঁপায় ফুলের মালা এবং স্নিগ্ধ সাজে ধরা দেন তিনি। তাঁর এই সাজে ফুটে ওঠে বাঙালিয়ানার সৌন্দর্য ও আভিজাত্য।

ছবিগুলো প্রকাশের পর স্বাভাবিকভাবেই ভক্তদের নজর কাড়ে পূর্ণিমার রূপ ও ফ্যাশন সেন্স। মন্তব্যের ঘরে অনেকে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেন। কেউ জানতে চান, দিন দিন আরও সুন্দর হওয়ার রহস্য কী, আবার কেউ শৈশবের ‘ক্রাশ’ হিসেবে পূর্ণিমার প্রতি নিজের মুগ্ধতার কথা জানান।

ছবির ক্যাপশনে পূর্ণিমা ‘দম মারো দম’ সিনেমার একটি গানের লাইন ব্যবহার করেছেন—‘পাহাড়ি ফুল আমি মৌরানী হায় কেউ জানে না। রূপে আছে নেশা, চোখে ছলনা।’

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পূর্ণিমা। তখন তিনি ক্লাস নাইনে পড়তেন। এরপর দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে জনপ্রিয়তা অর্জন করেন।