রোমান্টিকের বাইরে তটিনীর চোখ নতুন গল্পে

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 05:10 pm
রোমান্টিকের বাইরে তটিনীর চোখ নতুন গল্পে

তানজিম সাইয়ারা তটিনী

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী এবার রোমান্টিক চরিত্রের বাইরে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করতে চান। দর্শকের কাছে নতুনভাবে নিজেকে তুলে ধরতে ডিমেনশিয়া বা স্বল্পমেয়াদি স্মৃতিভ্রংশে আক্রান্ত রোগী, সিঙ্গেল মাদার কিংবা অন্তঃসত্ত্বা নারীর মতো চরিত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

দীর্ঘদিন পর আবারও ধারাবাহিক নাটকে ফিরেছেন তটিনী। মুহাম্মদ মুস্তফা কামাল রাজ পরিচালিত ‘ফিরে আসার গল্প’ ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুটাও হয়েছিল ধারাবাহিক নাটক দিয়ে।

এক সাক্ষাৎকারে তটিনী জানান, তাঁকে সাধারণত রোমান্টিক গল্পেই বেশি দেখা যায়, কারণ এ ধরনের কাজের সংখ্যাই বেশি। তবে সব সময়ই আলাদা কিছু করার চেষ্টা থাকে তাঁর। এখনো ডিমেনশিয়া বা শর্ট টার্ম মেমোরি লসের রোগী, সিঙ্গেল মাদার কিংবা অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে পর্দায় সেভাবে কাজ করা হয়নি তাঁর।

থ্রিলারধর্মী কাজেও আগ্রহ রয়েছে তটিনীর। তবে এ ধরনের চরিত্রে অভিনয়কে চ্যালেঞ্জিং মনে করেন তিনি। তাঁর মতে, শুধু অভিনয় জানলেই হয় না; প্রয়োজন ভালো গল্প ও শক্তিশালী চিত্রনাট্য। চরিত্রটি দর্শকের কাছে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা না গেলে পুরো কাজের প্রভাব নষ্ট হয়ে যেতে পারে।

গল্প ও চরিত্র—দুটোই পছন্দসই হলে নতুন ধরনের চরিত্রে অভিনয়ের ঝুঁকি নিতে প্রস্তুত বলেও জানিয়েছেন তটিনী।