জাহ্নবী কাপুর
প্রযুক্তির অপব্যবহার করে নারীদের সম্মতি ছাড়া বিকৃত ও আপত্তিকর কনটেন্ট তৈরি ও ছড়িয়ে দেওয়াকে যৌন নিপীড়নেরই আরেক রূপ বলে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর। তাঁর অভিনীত জনপ্রিয় গান ‘চুট্টামাল্লে’কে কেন্দ্র করে এআই দিয়ে তৈরি একটি অশালীন ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ক্ষোভ প্রকাশ করেন তিনি।
ইনস্টাগ্রামে দেওয়া এক লিখিত বার্তায় জাহ্নবী বলেন, প্রযুক্তির অপরাধমূলক অপব্যবহার করে নারীদের পণ্য হিসেবে উপস্থাপন করা এবং সম্মতি ছাড়া বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া যৌন নিপীড়নেরই আরেক রূপ। তাঁর ভাষ্য, চলচ্চিত্রশিল্পের প্রায় প্রতিটি নারীই কোনো না কোনোভাবে এ ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন।
জাহ্নবী নারীর সম্মতি ও ব্যক্তিগত সীমারেখার গুরুত্ব তুলে ধরে বলেন, একজন নারী কী পরবেন, কোথায় স্বাচ্ছন্দ্যবোধ করবেন কিংবা নিজের শরীর নিয়ে কী সিদ্ধান্ত নেবেন—সেটি একান্তই তাঁর নিজের বিষয়।
তিনি আরও বলেন, নারীদের প্রতি হুমকি এখন ডিজিটাল জগতেও ছড়িয়ে পড়েছে। শুধু ‘মেয়েকে সুরক্ষিত রাখো’ বললেই সমস্যার সমাধান হবে না; একই সঙ্গে অন্যের সীমারেখা লঙ্ঘনের মানসিকতার বিরুদ্ধেও কাজ করতে হবে।
‘চুট্টামাল্লে’ গানটি তেলুগু সিনেমা ‘দেবারা’য় জুনিয়র এনটিআরের সঙ্গে জাহ্নবীর অভিনয়ের অংশ। গানটি জনপ্রিয় হওয়ার পর সেটিকে ব্যবহার করে তৈরি করা আপত্তিকর এআই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় জাহ্নবীর পাশে দাঁড়ানোয় জুনিয়র এনটিআর ও চিরঞ্জীবীর প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।
জাহ্নবীর ভাষায়, একজন নারী অন্তত এতটুকু সম্মান পাওয়ার অধিকার রাখেন, যাতে তাঁকে একজন মানুষ হিসেবে দেখা হয়। তাঁর ছবি, ব্যক্তিগত সীমারেখা ও নিজের শরীর সম্পর্কে সিদ্ধান্ত—সবই তাঁর নিজের।