১০২ রানেই গুটিয়েছে বাংলাদেশ

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 05:10 pm
১০২ রানেই গুটিয়েছে বাংলাদেশ

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ক্রিকেটাররা

শ্রীলঙ্কার ‘বি’ দলের কাছে ৬৩ রানের বড় ব্যবধানে হেরে এশিয়ান গেমস ক্রিকেটে ব্রোঞ্জ পদকও হাতছাড়া করেছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১০২ রানেই গুটিয়ে গেছে লিটন দাসের দল। এর মধ্য দিয়ে এশিয়ান গেমসে প্রথমবারের মতো কোনো পদক ছাড়াই ফিরছে বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল।

শনিবার (৩ অক্টোবর) জাপানের নিশিনে ব্রোঞ্জ পদকের লড়াইয়ে শ্রীলঙ্কার দেওয়া ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৭.৩ ওভারে সবকটি উইকেট হারায় বাংলাদেশ।

ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান তামিম রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। অধিনায়ক লিটন দাসও প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে ফেরেন। ফলে মাত্র ৪ রানের মধ্যেই ৩ উইকেট হারায় দল।

এরপরও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। তাওহিদ হৃদয় ১১, পারভেজ হোসেন ইমন ২০ এবং ইয়াসির আলী ২১ রান করেন। শেষ দিকে নাসুম আহমেদের ২৬ রানের ইনিংসে বাংলাদেশের সংগ্রহ তিন অঙ্কে পৌঁছায়।

শ্রীলঙ্কার হয়ে নুয়ান থুসারা, থারিন্দু রত্নায়েকে, বিজয়কান্ত ভিয়াসকান্ত ও ওয়ানুজা সাহান দুটি করে উইকেট নেন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ২১ রানেই ৪ উইকেট হারায় তারা। ১০ ওভার শেষে দলটির সংগ্রহ ছিল ৫১ রান।

তবে মাঝের ওভারগুলোতে ম্যাচের চিত্র পাল্টে দেন থারিন্দু রত্নায়েকে ও অধিনায়ক শাহান আরাচাগে। তাঁদের জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় শ্রীলঙ্কা।

বিশেষ করে মোস্তাফিজুর রহমানের ১৪তম ওভারে ২৫ রান তুলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লঙ্কানরা। ওই ওভারের পর রিশাদ হোসেনের ওভার থেকেও আসে ১৬ রান। ১৩ থেকে ১৮—এই পাঁচ ওভারে শ্রীলঙ্কা তোলে ৮৩ রান।

শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের হয়ে থারিন্দু রত্নায়েকে ৩২ বলে ৬৫ এবং শাহান আরাচাগে ৩৩ রান করেন।

বাংলাদেশের হয়ে শেখ মেহেদী হাসান, সাইফ হাসান ও মোস্তাফিজুর রহমান দুটি করে উইকেট নেন।

এই হারের ফলে এবারের এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে পদক জয়ের সুযোগ হারাল বাংলাদেশ।