মহিলা ফুটবলারের অভিযোগ খতিয়ে দেখতে বাফুফের জরুরি সভা

BD REPORT
Admin User 10 Sep 2026 02:09 am
মহিলা ফুটবলারের অভিযোগ খতিয়ে দেখতে বাফুফের জরুরি সভা

জাতীয় দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার ও সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্বে নড়েচড়ে বসেছে বাফুফে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাবিনা খাতুনসহ সিনিয়র ফুটবলাররা কোচের বিরুদ্ধে নানা রকম অভিযোগ তুলে আনুষ্ঠানিকভাবে গণ অবসরের সিদ্ধান্ত জানিয়ে দেন।

বিদ্যমান পরিস্থিতিতে বৃহস্পতিবার রাতে বাফুফের জরুরি কমিটির সভা অনলাইনে অনুষ্ঠিত হয়। এই জরুরি কমিটির সদস্য সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও চার সহ-সভাপতি।

সভা সূত্রে জানা যায়, নারী ফুটবলে উদ্ভুত সংকট নিয়ে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান করা হয়েছে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। এ ছাড়া, কমিটির ডেপুটি চেয়ারম্যান বাফুফের অন্যতম সহ-সভাপতি ফাহাদ করিম, দুই নির্বাহী সদস্য ছাইদ হাসান কানন ও সাখওয়াত হোসেন ভুইয়া শাহীন। নির্বাহী কমিটির বাইরে পুলিশ কর্মকর্তা কাজী নুসরাত এদিব লুনা এবং আরও দুই সরকারি কর্মকর্তা হুমায়ন খালিদ ও আতিকুর রহমানকে সদস্য করা হয়েছে।

এরা সরকারি কর্মকর্তা হলেও এদের ফুটবলের সঙ্গে সম্পৃক্ততা রয়েছে। আগামী বৃহস্পতিবারের মধ্যে এই কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

জানা যায়, এই কমিটি নারী ফুটবলের সংকটের সব বিষয় খতিয়ে দেখবে। মূলত নারী ফুটবলাররা কোচের বিরুদ্ধে যে যে অভিযোগ এনেছেন সেগুলো এই কমিটি খতিয়ে দেখবে। কোচের ওপর খেলোয়াড়দের আনিত অভিযোগ যেমন বিশ্লেষণ করবে তেমনি খেলোয়াড়রা পরিস্থিতি অস্থিতিশীল করছেন কি-না এটাও কমিটি দেখবে।

অনেকে বলছেন, নারী ফুটবলে সংকট এতদিন জিইয়ে রেখে খেলোয়াড়-কোচ দুই পক্ষ চরম মুখোমুখি অবস্থানের পেছনে বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ দায় এড়াতে পারেন না।

Tags: