ফিফার তহবিল থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 05:10 pm
ফিফার তহবিল থেকে ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ

সংরক্ষিত ছবি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছ থেকে অতিরিক্ত ১ কোটি মার্কিন ডলার পেতে পারে বাংলাদেশ। সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ফিফার নিজস্ব তহবিল থেকে ২০০ কোটি ডলারের বেশি অর্থ ছাড়ের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফ। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

উয়েফা সভাপতি আলেক্সান্ডার সেফেরিন ও কনকাকাফ প্রধান ভিক্টর মন্টাগলিয়ানি যৌথভাবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে চিঠি দিয়ে এ অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছেন। তাঁদের প্রস্তাব অনুযায়ী, ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিটিকে ১ কোটি ডলার করে দেওয়া হবে। পাশাপাশি ছয়টি মহাদেশীয় কনফেডারেশন পাবে ৩ কোটি ৬০ লাখ ডলার করে এবং আঞ্চলিক সংস্থাগুলোর জন্য বরাদ্দ থাকবে ৩০ লাখ ডলার করে। 

উয়েফা ও কনকাকাফের মতে, ফিফার নিজস্ব রিজার্ভ তহবিল থেকেই এই অর্থ দেওয়া সম্ভব। এতে বিশ্বকাপ বা ফিফার অন্য প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের কোনো অংশ বেসরকারি তহবিলের কাছে বিক্রি করার প্রয়োজন হবে না। তাঁদের হিসাব অনুযায়ী, প্রস্তাবিত অর্থ বিতরণের পরও ফিফার হাতে ২৬০ কোটি ডলারের নগদ রিজার্ভ থাকবে। 

ফিফার ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) পরিকল্পনা নিয়েও আপত্তি তুলেছেন উয়েফা ও কনকাকাফের প্রধানেরা। ওই পরিকল্পনায় বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্বের ২০ শতাংশ বিক্রি করে অর্থ সংগ্রহের প্রস্তাব ছিল। দ্য টাইমসের বরাতে যুগান্তর জানিয়েছে, সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার প্রস্তাবের সঙ্গে ইনফান্তিনোর পরিকল্পনায় সমর্থনের শর্ত যুক্ত ছিল বলে অভিযোগ রয়েছে।

ফিফা কাউন্সিলের সদস্যদের সঙ্গে যথাযথ আলোচনা না করেই এ পরিকল্পনা নেওয়ার সমালোচনা করেছেন দুই কনফেডারেশনপ্রধান। তাঁদের মতে, সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে বাড়তি সহায়তা দিতে ফিফার হাতে থাকা অর্থই ব্যবহার করা যেতে পারে।

আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে অর্থ বিতরণের প্রস্তাব ও সংস্থাটির আর্থিক অবস্থার বিষয়টি আলোচনায় আসার কথা। সদস্য দেশগুলোকে অতিরিক্ত অর্থ দেওয়ার বিষয়ে ইনফান্তিনিও আগ্রহ দেখিয়েছেন। তবে অর্থের পরিমাণ ও বিতরণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।