যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে

BD REPORT
Admin User 17 Jul 2026 05:07 pm
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রপ্তানি কমবে না, বরং আরও বাড়বে।

শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, আশা করি আমাদের রেসপন্স ইতিবাচক হবে। এখন যা রপ্তানি হচ্ছে এর থেকে আরও বাড়বে এবং সেভাবেই পদক্ষেপ নেওয়া হবে। শুধু যুক্তরাষ্ট্র নয়, বাংলাদেশ রপ্তানি করে এমন সব দেশেই রপ্তানি বাড়বে।

যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্য আমদানির ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপ করায় জরুরি মিটিং করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

এ বিষয়ে প্রেস সচিব বলেন, সন্ধ্যা ৭টায় বৈঠক শুরু হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশে আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বড় ব্যবসায়ীদের সঙ্গে বসেছিল। তাদের তিনঘণ্টা বৈঠক হয়েছে। সেখানে রপ্তানিকারকদের বক্তব্যকেই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে।

সার্বিক বিষয় নিয়ে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠকে অর্থ, বাণিজ্য, পররাষ্ট্র উপদেষ্টা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ ব্যাংক গভর্নর, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সচিব, এনবিআর চেয়ারম্যানসহ শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ ও কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

Tags: