টিসিবি পণ্যের দাম বৃদ্ধি: বৃহস্পতিবার থেকে নতুন মূল্যে বিক্রি শুরু
সারাদেশে ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের মধ্যে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। তবে ঈদুল আজহার আগে এক মাসের ব্যবধানে প্রতি লিটার তেলের দাম ৩৫ টাকা, প্রতি কেজি মসুর ডালের দাম ২০ টাকা এবং চিনির দাম ১৫ টাকা বাড়ানো হয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের কাছে আগে যেখানে প্রতি লিটার তেল ১০০ টাকায় বিক্রি করা হতো, তা এখন ১৩৫ টাকা, ডালের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৮০ টাকা এবং চিনির দাম ৭০ টাকা থেকে বাড়িয়ে ৮৫ টাকা করা হয়েছে।
স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি যেকোনো সাধারণ ভোক্তা ঈদের পণ্য কিনতে পারবেন বিশেষ ট্রাকসেলে। তবে সেক্ষেত্রেও বাড়তি টাকা গুণতে হবে।
টিসিবি জানিয়েছে, দেশব্যাপী প্রতিদিন ৬৯০টি ভ্রাম্যমাণ ট্রাকে এসব পণ্য বিক্রি হবে। প্রতিটি ট্রাকে ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল পাওয়া যাবে।