র্যান্ডম সিলেকশন বা দৈবচয়ন পদ্ধতিতে সারাদেশের সকল কর কমিশনারেটের মোট ১৫,৪৯৪ জন করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বুধবার (১৬ জুলাই) এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন পদ্ধতিতে সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে রিস্ক বেজড অডিট সিলেকশন ক্রাইটেরিয়ন-এর ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে অডিটের জন্য আয়কর রিটার্ন নির্বাচন প্রক্রিয়া শুরু করেছে।
এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য অফলাইনে দাখিলকৃত সকল পেপার রিটার্নের পূর্ণাঙ্গ তথ্য ডাটাবেজে এন্ট্রি করার জন্য আরো কিছুদিন সময় প্রয়োজন। অডিট কার্যক্রম চলমান রাখার স্বার্থে রিস্ক বেজড অডিট সিলেকশন ক্রাইটেরিয়ন-এর ভিত্তিতে সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতি না হওয়া পর্যন্ত বিকল্প উপায়ে ২০২৩-২৪ কর বর্ষের দাখিলকৃত প্রত্যেক সার্কেলের রিটার্নের ০ দশমিক ৫% ডিজিটাল উপায়ে দৈবচয়ন পদ্ধতিতে জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।
একই করদাতার আয়কর রিটার্ন যাতে বার বার অডিটের জন্য নির্বাচিত না হয় সে লক্ষ্যে পূর্ববর্তী ২ বছরে যে সকল করদাতার আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচিত হয়েছে সে সকল করদাতার ২০২৩-২৪ কর বর্ষের আয়কর রিটার্ন দৈবচয়ন হতে বাদ দেয়া হয়েছে। এ পদ্ধতিতে সারাদেশের সকল কর কমিশনারেটের মোট ১৫,৪৯৪ জন করদাতার ২০২৩-২৪ কর বছরের আয়কর রিটার্ন অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।
এ কাজ সম্পূর্ণ বাস্তবায়ন করা সম্ভব হলে আয়কর রিটার্ন অডিট নির্বাচন প্রক্রিয়ার সম্পূর্ণ স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং কার্যকারিতা নিশ্চিত করে কাঙ্ক্ষিত পরিমান রাজস্ব আদায় করা সম্ভব হবে।