ডিজিটাল ব্যাংকিংয়ে বাড়ছে গ্রাহকের ঝোঁক

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 02:10 pm
ডিজিটাল ব্যাংকিংয়ে বাড়ছে গ্রাহকের ঝোঁক

সংগৃহীত

বাংলা কিউআরের বিস্তারে দ্রুত বাড়ছে অ্যাপভিত্তিক ব্যাংকিং। এক বছরের ব্যবধানে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা প্রায় তিন গুণ বেড়ে গত জুলাই শেষে ২ কোটি ৯ লাখ ৭৫ হাজার ছাড়িয়েছে। একই সময়ে বেড়েছে অ্যাপের মাধ্যমে লেনদেনও।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, গত বছরের আগস্টে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী ছিলেন প্রায় ৭১ লাখ ৬৬ হাজার। এক বছরের ব্যবধানে ব্যবহারকারী বেড়েছে প্রায় ১ কোটি ৩৮ লাখ। গত বছরের নভেম্বরেও অ্যাপভিত্তিক ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী ছিলেন প্রায় ৮৫ লাখ ৭২ হাজার। ডিসেম্বরে তা বেড়ে ১ কোটি ৪৯ লাখ ছাড়ায়।

দেশে আন্তঃব্যাংক কোডভিত্তিক লেনদেনের জন্য ২০২৩ সালে বাংলা কিউআর চালু করে বাংলাদেশ ব্যাংক। এর মাধ্যমে যেকোনো ব্যাংক বা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) অ্যাপ ব্যবহার করে কিউআর কোড স্ক্যান করে অর্থ পরিশোধ করা যায়। চলতি বছরের ১ জুলাই থেকে সব প্রতিষ্ঠানের কোডভিত্তিক লেনদেন বাংলা কিউআরের মাধ্যমে করার নির্দেশনা দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জুলাইয়ে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকার লেনদেন হয়েছে। গত বছরের আগস্টে এ পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৩০৪ কোটি টাকা। তবে একক মাস হিসেবে সর্বোচ্চ লেনদেন হয়েছে গত জুনে—১ লাখ ৮৪ হাজার ৩৪৯ কোটি টাকা।

অন্যদিকে, ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে সেবা নেওয়া বা ব্রাউজারভিত্তিক ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার তুলনামূলক কম। গত জুলাই শেষে এ পদ্ধতির ব্যবহারকারী ছিলেন ২৪ লাখ ৮৯ হাজার। অ্যাপ ও ব্রাউজার মিলিয়ে মোট ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৪ লাখ ৬৪ হাজারের বেশি। গত বছরের আগস্টে এ সংখ্যা ছিল প্রায় ১ কোটি ১৯ লাখ ৬৭ হাজার।

ব্যবহারকারীদের মধ্যে পুরুষ ১ কোটি ৬৭ লাখ ৭২ হাজারের বেশি এবং নারী ৩৮ লাখের বেশি। অর্থাৎ ডিজিটাল ব্যাংকিংয়ে নারীর অংশগ্রহণ বাড়লেও মোট ব্যবহারকারীর তুলনায় পুরুষের সংখ্যা এখনও অনেক বেশি।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আগে অ্যাপভিত্তিক লেনদেনকে মূলত এমএফএসের সঙ্গে সম্পর্কিত মনে করা হতো। বাংলা কিউআর চালুর পর ব্যাংক ও এমএফএসসহ বিভিন্ন প্রতিষ্ঠান এর গুরুত্ব বুঝতে শুরু করেছে। যেসব ব্যাংকের নিজস্ব অ্যাপ ছিল না, তাদেরও এ ব্যবস্থায় যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলা কিউআরের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও এমএফএস অ্যাপ থেকে অর্থ পরিশোধের সুযোগ তৈরি হওয়ায় গ্রাহক ও ব্যবসায়ী—উভয় পক্ষের জন্য ডিজিটাল লেনদেন সহজ হয়েছে। এর ফলে ব্যাংকিং অ্যাপের ব্যবহার বাড়ার পাশাপাশি গ্রাহকদের দৈনন্দিন আর্থিক লেনদেনের ধরনেও পরিবর্তন আসছে।