জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তির আলোচনা

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 11:10 am
জ্বালানি সংকট মোকাবিলায় বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তির আলোচনা

আমির খসরু মাহমুদ চৌধুরী

বৈশ্বিক অস্থিরতার প্রভাবে জ্বালানি খাতে বাড়তি ব্যয়ের চাপ সামাল দিতে বিশ্বব্যাংকের কাছে জরুরি বাজেট ও আর্থিক সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে কাঠামোগত চুক্তি এবং সহযোগিতার কার্যকর পদ্ধতি নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

সোমবার (১২ অক্টোবর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংক গ্রুপের ২০২৬ সালের বার্ষিক সভার উদ্বোধনী দিনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশকে জ্বালানি খাতে বাড়তি ব্যয় বহন করতে হচ্ছে। এই চাপ সামাল দিতে আর্থিক সুরক্ষা প্রয়োজন। বিশ্বব্যাংক এ বিষয়ে সহযোগিতার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

তিনি বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা শুধু বিদ্যমান তহবিলের মধ্যে সীমাবদ্ধ নয়। বৈশ্বিক অস্থিরতা ও জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায়ও সহযোগিতা প্রয়োজন। এ নিয়ে সংস্থাটির সঙ্গে আলোচনা হয়েছে এবং কাঠামোগত চুক্তির বিষয়ে প্রক্রিয়াগত কাজ চলছে।

সরকারের নির্বাচনি ইশতেহারের লক্ষ্য ও উদ্দেশ্যের সঙ্গে বিশ্বব্যাংকের চলমান উদ্যোগগুলোর সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন অর্থমন্ত্রী। তাঁর ভাষ্য, পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে সহযোগিতা আরও কার্যকর করার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

আলোচনার অগ্রগতি তুলে ধরে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিষয়টি এখনো প্রক্রিয়াধীন। এ নিয়ে আলোচনা চলছে এবং সামগ্রিকভাবে বাংলাদেশ সঠিক পথেই এগোচ্ছে।

১২ অক্টোবর শুরু হওয়া আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভা আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে। এ সম্মেলনে বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, সম্ভাব্য আর্থিক সহায়তা এবং কাঠামোগত সংস্কার নিয়ে আলোচনা গুরুত্ব পাচ্ছে।