চার দিন পরই বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩১ হাজার টাকা
সংগৃহীত
চার দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশের বাজারে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়েছে। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার কারণে গয়নার দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে বাজুস।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন মূল্য ঘোষণা করা হয়।
কোন মানের সোনার দাম কত
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ৩১ হাজার ২৯৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৯১৬ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৮৯ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ৯৫৬ টাকা। বাজুসের হিসাবে, এক ভরি সোনা সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
এর আগে গত ৫ অক্টোবর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা নির্ধারণ করেছিল বাজুস। তখন ২১ ক্যারেটের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
অপরিবর্তিত রুপার দাম
সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের রুপা ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬৮৩ টাকা দরে বিক্রি হচ্ছে।