লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৬৭

BD REPORT
Admin User 19 Jul 2026 09:07 am
লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৬৭

বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে লিবিয়া থেকে দেশে ফিরেছেন আরও ১৬৭ বাংলাদেশি। তাদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যেতে মানবপাচারকারীদের প্ররোচণায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করতে গিয়ে লিবিয়ায় অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন। শুক্রবার (১১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজি ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে দেশে ফিরতে ইচ্ছুক ১৬ জন এবং গানফুদা ডিটেনশন সেন্টার থেকে ১৫১ জন (মোট ১৬৭ জন) অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে করে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের অভ্যর্থনা জানান।

এ ফ্লাইটে যারা ফিরেছেন, তাদের অধিকাংশই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যেতে মানবপাচারকারীদের প্ররোচণায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন। তাদের অধিকাংশই লিবিয়ায় বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন।

ভয়ংকর পথ পাড়ি দিয়ে অবৈধভাবে আর কেউ যেন লিবিয়ায় না যায়, সে বিষয়ে সচেতন হওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এসময় সবাইকে অনুরোধ করেন।  

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ছয় হাজার করে টাকা, খাদ্যসমগ্রী, চিকিৎসাসেবা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Tags: