জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে অক্টোবরের শেষ সপ্তাহে চার দিনের সফরে টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২৬ অক্টোবর তিনি জাপানের উদ্দেশে ঢাকা ছাড়তে পারেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী জাপান যাবেন। এ বিষয়ে প্রস্তুতি চলছে।’ তবে ঠিক কোন তারিখে প্রধানমন্ত্রী ঢাকা ছাড়বেন, তা তিনি নিশ্চিত করেননি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে। সফরের সম্ভাব্য তারিখ হিসেবে ২৬ অক্টোবরকে সামনে রেখে প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে।
এর আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানান। গত ১২ আগস্ট ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ ও জাপানের সপ্তম পররাষ্ট্র দপ্তর পরামর্শ সভায় জাপানের পক্ষে দেশটির জ্যেষ্ঠ উপপররাষ্ট্রমন্ত্রী হিরোয়ুকি নামাজু এ আমন্ত্রণ বাংলাদেশের কাছে পৌঁছে দেন।
একই সময়ে জাপানের পক্ষ থেকে ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকেও জাপান সফরের আমন্ত্রণ জানানো হয়। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের জবাবে বাংলাদেশও তাকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে।
সাম্প্রতিক কূটনৈতিক আলোচনাতেও অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর জাপান সফরের সম্ভাবনার কথা উঠে এসেছে। তবে এর আগে সফরের তারিখ চূড়ান্ত হয়নি বলে জানানো হয়েছিল।