সাময়িক সংকটে মুছবে না দুই দেশের সম্পর্ক: এম জে আকবর

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 06:10 am
সাময়িক সংকটে মুছবে না দুই দেশের সম্পর্ক: এম জে আকবর

ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর

ভারত ও বাংলাদেশের সম্পর্কে সাময়িক টানাপোড়েন থাকলেও তা দুই দেশের দীর্ঘদিনের বন্ধন মুছে দিতে পারবে না বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম জে আকবর।

রোববার (৪ অক্টোবর) ঢাকায় ‘বে অব বেঙ্গল কনভারসেশন’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

এম জে আকবর বলেন, বাংলাদেশ ও ভারত উভয়ই সভ্যতাগত রাষ্ট্র। বাংলাদেশের পরিচয় কৃত্রিমভাবে তৈরি কোনো রাষ্ট্রের পরিচয় নয়; বরং ভাষার শক্তির ওপর প্রতিষ্ঠিত একটি সভ্যতাগত রাষ্ট্র হিসেবে বাংলাদেশের নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে।

দুই দেশের সম্পর্কে উত্থান-পতন থাকবেই উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক সমস্যা সমাধানে শুধু ‘কী সম্ভব’—এ প্রশ্নে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং ‘কেন অসম্ভব’—সেই প্রশ্নও করতে হবে। তাহলেই নতুন সম্ভাবনার পথ খুলতে পারে।

সার্বভৌমত্বের গুরুত্ব তুলে ধরে এম জে আকবর বলেন, সার্বভৌমত্ব সম্মানিত না হলে বিশ্ব ক্রমবর্ধমান বিশৃঙ্খলার দিকে এগিয়ে যেতে পারে।

বিশ্বের যুদ্ধ ও সংঘাত প্রসঙ্গে তিনি বলেন, বিংশ শতাব্দী ছিল তিনটি বিশ্বযুদ্ধের শতাব্দী। ঠান্ডা যুদ্ধকেও এক ধরনের বিশ্বযুদ্ধ হিসেবে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষ্য, ইউরোপে এই যুদ্ধ ঠান্ডা থাকলেও দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ আফ্রিকায় এর প্রভাব মোটেও ঠান্ডা ছিল না।

এম জে আকবর বলেন, এসব সংঘাতকে বিশ্বযুদ্ধ বলা হয়েছিল এ কারণে নয় যে পুরো পৃথিবী সরাসরি যুদ্ধে অংশ নিয়েছিল; বরং বিশ্বের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে পরাশক্তি ও সাম্রাজ্যগুলোর মধ্যে সংঘাত তৈরি হয়েছিল।

একবিংশ শতাব্দীর যুদ্ধের ধরন আগের তুলনায় ভিন্ন উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সময়ের যুদ্ধকে একটি একক বিশ্বযুদ্ধ হিসেবে দেখা যায় না; বরং এটি বিশ্বজুড়ে চলমান ধারাবাহিক সংঘাত। এসব যুদ্ধ একটানা চলে না, পর্যায়ক্রমে সংঘটিত হয়, কিন্তু পুরোপুরি থেমেও যায় না।