বিক্ষোভে রাহুল-প্রিয়াঙ্কা আটক, কয়েক মিনিটেই মুক্তি
নয়াদিল্লির সিইসি ভবনের সামনে রাহুল-প্রিয়াঙ্কা
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় আটক হওয়ার কয়েক মিনিট পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দিয়েছে দিল্লি পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) নয়াদিল্লিতে নির্বাচন কমিশন ভবন অভিমুখে যাওয়ার পথে তাদের আটক করা হয়।
রাহুল ও প্রিয়াঙ্কাসহ শীর্ষ বিরোধী নেতারা সংসদ ভবনের মকর দ্বার থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরের দিকে পদযাত্রা করছিলেন। এ সময় পুলিশ তাদের পথ আটকে দেয়।
পুলিশের বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডেরেক ও’ব্রায়েন এবং সিপিআই(এম) নেতা জন ব্রিটাসসহ একাধিক সাংসদ রাস্তায় বসে বিক্ষোভ করেন।
পরে রাহুল ও প্রিয়াঙ্কাকে পুলিশ প্রিজন ভ্যানে তুলে নেয়। কয়েক মিনিট পর তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্তির পর গান্ধী ভাইবোন আকাশবাণী ভবনে অবস্থান করছেন এবং সেখান থেকে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাওয়ার চেষ্টা করছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
বিক্ষোভকারীরা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নষ্ট করার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন।