বিক্ষোভের আগেই বিমান থেকে আটক ককরোচ পার্টির তিন নেতা

BD REPORT
বিডি-রিপোর্ট 29 Oct 2026 09:10 am
বিক্ষোভের আগেই বিমান থেকে আটক ককরোচ পার্টির তিন নেতা

অভিজিৎ দিপ

ভারতের দিল্লি বিমানবন্দরে অবতরণের পরই ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে পুলিশ। যন্তর মন্তরে নির্বাচন কমিশনের প্রধানের বিরুদ্ধে দলটির পরিকল্পিত বিক্ষোভের আগে তাঁর সঙ্গে দলের আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকেও আটক করা হয়।

শনিবার (১০ অক্টোবর) সকালে মুম্বাই থেকে দিল্লিগামী বিমানে পুলিশ প্রবেশ করে তাঁদের আটকের তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আটকের সময় দিপকে নিজের ইনস্টাগ্রামে লাইভ করেন। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, বিমানের ভেতরেই পুলিশ ও সিজেপি সদস্যদের মধ্যে তর্ক হচ্ছে। পুলিশ সদস্যদের উদ্দেশে দিপকেকে বলতে শোনা যায়, তাঁরা বিমান থেকে নেমে আসা পর্যন্ত অপেক্ষা করতে পারতেন। একই সঙ্গে তিনি বলেন, তাঁরা গ্রেপ্তার হতে ভয় পান না।

সিজেপির এক বিবৃতিতে তিন নেতাকে বিমান থেকে নামার আগেই আটক করার নিন্দা জানানো হয়েছে। দলটির দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভের নেতৃত্বকে কর্মসূচিস্থলে পৌঁছানোর আগেই আটক করে বাধা দেওয়া হয়েছে। তাঁদের অবিলম্বে নিঃশর্ত মুক্তিও দাবি করেছে দলটি।

এর আগে একই দিন ইউটিউবার ধ্রুব রাঠি ও সিজেপির আইনি সেলের প্রধান রত্না সিংকেও নিজ নিজ বাসা থেকে আটক করা হয় বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার দিল্লি পুলিশ সিজেপির বিক্ষোভের অনুমতি দেয়নি। পুলিশের ভাষ্য, নির্ধারিত সময়ের যথেষ্ট আগে অনুমতির আবেদন করা হয়নি। বিক্ষোভ ঘিরে দিল্লিতে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ, কয়েক ডজন ট্রেন বাতিল এবং আইনশৃঙ্খলা রক্ষায় ২০ হাজারের বেশি পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।