কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলায়, ২৩ নাবিক উদ্ধার

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 06:10 am
কৃষ্ণসাগরে তেলবাহী জাহাজে ড্রোন হামলায়, ২৩ নাবিক উদ্ধার

সংগৃহীত

কৃষ্ণ সাগরে অপরিশোধিত জ্বালানি তেলবাহী একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। হামলার পর জাহাজটিতে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়লেও রাশিয়ার কোস্টগার্ডের উদ্ধারকারী দল জাহাজে থাকা ২৩ ভারতীয় নাবিককে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে ঢাকা পোস্ট জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) লাইবেরিয়ার পতাকাবাহী ‘আফরাম্যাক্স রিও’ নামের জাহাজটিতে সমুদ্রে ব্যবহারের উপযোগী ড্রোন দিয়ে হামলা চালানো হয়। হামলার পর জাহাজটিতে আগুন ধরে যায় এবং অল্প সময়ের মধ্যেই আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়ে।

রুশ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, হামলার সময় জাহাজটিতে মোট ২৩ জন নাবিক ছিলেন। সবাই ছিলেন ভারতের নাগরিক। জাহাজে আগুন ছড়িয়ে পড়ার খবর পেয়ে রাশিয়ার কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

উদ্ধারকারী দলের সদস্যদের জাহাজের কাছে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়। কারণ, ততক্ষণে আগুন পুরো জাহাজে ছড়িয়ে পড়েছিল। তবে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যেও উদ্ধার অভিযান চালিয়ে জাহাজে থাকা ২৩ নাবিককেই জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর জাহাজটির পরিস্থিতি দ্রুত সংকটজনক হয়ে ওঠে। আগুনের তীব্রতার কারণে উদ্ধারকারীদের জন্যও অভিযানটি কঠিন ছিল।

তবে হামলাটি কারা চালিয়েছে, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে কোনো পক্ষের দায় স্বীকারের তথ্য পাওয়া যায়নি। হামলার কারণ ও লক্ষ্য নিয়েও রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজে এ ধরনের হামলা আন্তর্জাতিক নৌপরিবহন ও জ্বালানি সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।