সৌদি দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 06:10 am
সৌদি দুই বিমানবন্দরে হামলা, নিহত ৩

সংগৃহীত

সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নারীসহ তিন বিদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন। হামলার পেছনে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতিরা জড়িত বলে অভিযোগ করেছে সৌদি আরব।

স্থানীয় সময় বুধবার ও বৃহস্পতিবার হামলা দুটি চালানো হয়। এর একটি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এবং অন্যটি দেশটির দক্ষিণাঞ্চলের আবহা শহরের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হয়েছে বলে সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে।

সৌদি কর্তৃপক্ষের বিবৃতি অনুযায়ী, আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বিদেশি নারী নিহত হয়েছেন। তাঁদের একজন মরক্কোর এবং অন্যজন আলজেরিয়ার নাগরিক। ওই হামলায় আহত হয়েছেন ২৮ জন।

অন্যদিকে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় সুদানের এক নাগরিক নিহত হয়েছেন। সেখানে আহত হয়েছেন আটজন। আহতদের মধ্যে পাঁচজন সৌদি নাগরিক বলে জানানো হয়েছে।

হামলায় হতাহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। কোন বিমানবন্দরে ঠিক কখন হামলা হয়েছে, সে বিষয়েও সৌদি কর্তৃপক্ষের বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি।

সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। এদিকে ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সৌদি জোটের চলমান অভিযানের মধ্যে বিমানবন্দরগুলোতে হামলার ঘটনায় সৌদি আরবে ভ্রমণকারী মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে রিয়াদের মার্কিন দূতাবাস।