টায়ার জ্বালিয়ে পিকেটিং, সাজেক ছাড়লেন প্রায় ৩ হাজার পর্যটক

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 05:10 pm
টায়ার জ্বালিয়ে পিকেটিং, সাজেক ছাড়লেন প্রায় ৩ হাজার পর্যটক

সাজেক

রাঙামাটির সাজেকে আবারও সড়ক অবরোধ শুরু হয়েছে। এতে আটকে পড়ার আশঙ্কায় পুলিশ ও সেনাবাহিনীর নিরাপত্তায় ২ হাজার ৯৩৩ জন পর্যটককে খাগড়াছড়ির উদ্দেশে সরিয়ে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে পর্যটকদের বহনকারী গাড়িগুলো সাজেক থেকে বাঘাইহাটের উদ্দেশে রওনা হয়।

এর আগে সকাল ৬টার দিকে সাজেক সড়কের বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে পিকেটিং শুরু করেন অবরোধকারীরা। এতে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ ব্যাহত হয়। পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় তাঁদের সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর এক দিন আগে বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেকে পর্যটক ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন রাঙামাটির জেলা প্রশাসক নাজমা আশরাফী।

১১ অক্টোবর থেকে অবরোধ

তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়ার অভিযোগে গত ১১ অক্টোবর সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কারবারি অ্যাসোসিয়েশন অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ঘোষণা দেয়। এতে সাজেক ও খাগড়াছড়ির মধ্যে যান চলাচল বন্ধ হয়ে যায়। আটকা পড়েন এক হাজারের বেশি পর্যটক। পরে নিরাপত্তা ব্যবস্থায় প্রায় ১ হাজার ২০০ পর্যটককে সাজেক থেকে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়।

দুর্গাপূজা উপলক্ষে ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত অবরোধ কর্মসূচি সাময়িকভাবে শিথিল করা হয়েছিল। এ সময় পর্যটকদের যাতায়াত স্বাভাবিক রাখতে ভ্রমণ নিষেধাজ্ঞাও প্রত্যাহার করা হয়। নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই পাঁচ শতাধিক পর্যটক সাজেকে প্রবেশ করেন।

পর্যটন ব্যবসায় ক্ষতির আশঙ্কা

বারবার অবরোধ ও ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে সাজেকের পর্যটন খাতের ব্যবসায়ীরা অনিশ্চয়তায় পড়েছেন। রিসোর্ট-কটেজ, পরিবহন, রেস্তোরাঁ ও স্থানীয় ক্ষুদ্র ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের আয়েও এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সাজেক রিসোর্ট ও কটেজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন জানান, অবরোধের কারণে ছুটি শেষ হওয়ার আগেই পর্যটকদের সাজেক ছাড়তে হয়েছে। এতে পর্যটক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবরোধ ও প্রশাসনের নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে সাজেক আবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।