গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

BD REPORT
বিডি রিপোর্ট 28 Oct 2026 05:10 pm
গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম, বর্ণ, দল ও মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের সব ধর্মের মানুষ যেন শান্তি ও সম্প্রীতির সঙ্গে বসবাস করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুর ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শনকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সব ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়েছেন। এই ঐক্য ধরে রেখে আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলতে হবে।

তিনি বলেন, সরকার একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায়। এ জন্য সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে।

গণঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়ে বিতর্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অতীতে মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা হয়েছিল। একইভাবে গণঅভ্যুত্থান নিয়েও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে।

এ বিষয়ে কারও মতপার্থক্য থাকলে জাতীয় সংসদে তা তুলে ধরার পরামর্শ দেন তিনি। জনগণের প্রতিনিধিদের আলোচনার মাধ্যমে রাষ্ট্র ও মানুষের কল্যাণে সিদ্ধান্ত নেওয়া উচিত বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

রাজনৈতিক মতপার্থক্যের কারণে যেন মানুষের দৈনন্দিন জীবন, সন্তানদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থান ব্যাহত না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

রংপুরের উন্নয়নে ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ

প্রধানমন্ত্রী জানান, রংপুর মহানগরের উন্নয়নে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ হাজার ৮০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়া স্থানীয় সরকার ব্যবস্থার মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন ও গ্রামে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় সড়ক, সেতু, কালভার্ট ও শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে।

তারেক রহমান বলেন, রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে সব এলাকার উন্নয়ন এবং সরকারি সুযোগ-সুবিধার সুষম বণ্টন নিশ্চিত করতে সরকার কাজ করছে। নির্বাচনে যারা বিএনপিকে ভোট দিয়েছেন এবং যারা দেননি, সরকার সবার জন্য কাজ করতে চায়।

মন্দির কর্তৃপক্ষকে ১০ লাখ টাকার চেক

অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের মানুষকে দুর্গাপূজার নবমীর শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। মন্দিরের পেছনে হোস্টেলের মতো অবকাঠামো নির্মাণে আর্থিক সহায়তার বিষয়টি বিবেচনা করতে সংশ্লিষ্ট প্রতিমন্ত্রীকে নির্দেশনা দেওয়ার কথাও জানান তিনি।

দুপুর ১২টা ৪ মিনিটে সৈয়দপুর বিমানবন্দর থেকে রংপুর ধর্মসভা মন্দির প্রাঙ্গণে পৌঁছালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে স্বাগত জানানো হয়। এ সময় শিশুরা নৃত্য পরিবেশন করে।

পরে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ভবতোষ সরকার ও সাধারণ সম্পাদক খোকন সরকার প্রধানমন্ত্রীর হাতে একটি ক্রেস্ট তুলে দেন। প্রধানমন্ত্রী মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার একটি চেক দেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর।