সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রোকেয়া প্রাচীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) হাইকোর্টে মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অ্যাটর্নি জেনারেল জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ আদালতে প্রতিবেদন উপস্থাপন করেছে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বরিশালের বাসভবন থেকে জব্দ করা নথিপত্রের মধ্যে প্রায় ৩০০টি সিডি উদ্ধার করা হয়েছিল। এসব সিডি যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন তৈরি করতে উচ্চপর্যায়ের টাস্কফোর্সের আরও সময় প্রয়োজন।
তবে তদন্তে কারও সংশ্লিষ্টতার তথ্য পাওয়া মানেই অপরাধে জড়িত থাকা প্রমাণিত হওয়া নয় বলে উল্লেখ করেন অ্যাটর্নি জেনারেল।
মঙ্গলবার শুনানি শেষে হাইকোর্ট মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আগামী বছরের ২৯ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। দীর্ঘদিন র্যাব তদন্ত করলেও ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট র্যাবকে তদন্ত থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে উচ্চপর্যায়ের টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। বর্তমানে টাস্কফোর্স মামলাটির তদন্ত করছে।