বিদায় বললেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর

BD REPORT
Admin User 02 Sep 2026 01:09 pm
বিদায় বললেন দুই দেশের হয়ে টেস্ট খেলা পিটার মুর

পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পিটার মুর। জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করা এই কিপার-ব্যাটসম্যানের শেষটা হয়েছে আয়ারল্যান্ডের জার্সিতে।

দুটি ভিন্ন দেশের হয়ে টেস্ট খেলা স্রেফ ১৭ ক্রিকেটারের একজন মুর। সব মিলিয়ে ১৫ টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

২০১৪ সালে জিম্বাবুয়ের হয়ে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মুর। ২০১৬ সালে তার টি-টোয়েন্টি ও টেস্ট অভিষেক হয়। জন্মভূমি জিম্বাবুয়ের হয়ে আট টেস্ট, ৪৯ ওয়ানডে ও ২১ টি-টোয়েন্টি খেলেন তিনি।

৩৪ বছর বয়সী মুরের দাদী ছিলেন আইরিশ। সেই সূত্রে তার আইরিশ পাসপোর্ট আছে। আয়ারল্যান্ডের ক্লাব ক্রিকেটে খেলছিলেন তিনি অনেক বছর ধরেই। ২০২২ সালের অক্টোবরে আয়ারল্যান্ডের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন।

২০২৩ সালের এপ্রিলে বাংলাদেশ সফরে টেস্ট দিয়ে প্রথমবার আয়ারল্যান্ড দলে জায়গা করে নেন তিনি। আইরিশদের হয়ে খেলেন সাতটি টেস্ট। তবে দলটির হয়ে কখনও সীমিত ওভারের ক্রিকেটে খেলার সুযোগ পাননি।

দল বদলের পর টেস্ট পারফরম্যান্সে ভাটা পড়ে মুরের। জিম্বাবুয়ের হয়ে আট টেস্টে তিনি ফিফটি করেন পাঁচটি, ব্যাটিং গড় ছিল ৩৫.৫৩। আয়ারল্যান্ডের হয়ে সাত টেস্টে তার গড় স্রেফ ১৪.৩৫। একমাত্র ফিফটি করেন ২০২৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।

সব মিলিয়ে ১৫ টেস্টে ছয় ফিফটিতে ২৫.৩১ গড়ে তার রান ৭৩৪। ওয়ানডেতে চার ফিফটিতে রান ৮২৭, আর টি-টোয়েন্টিতে একটি ফিফটিতে রান ৩৬৪।

গত ফেব্রুয়ারিতে বুলাওয়ায়োতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হয়ে থাকল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ।

Tags: