উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ১৯, দগ্ধ ১৫০

BD REPORT
Admin User 23 Jul 2026 04:07 pm
উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত নিহত ১৯, দগ্ধ ১৫০

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। 

সোমবার (২১ জুলাই) বিকেল পৌনে ৫টার দিকে মাইলস্টোনের দুর্ঘটনাকবলিত এলাকা পরিদর্শনের সময় তিনি এ তথ্য জানান।

নিহতের মধ্যে সিএমএইচে ১১ জন, কুর্মিটোলা হাসপাতালে ২ জন, বার্ন ইনস্টিটিউটে ২ জন, লুবনায় ২ জন, উত্তরা আধুনিক হসপিটালে ১ জন এবং ঢামেকে ১ জন রয়েছেন। বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়েছে মোট ১৫০ জন। বিমানের পাইলট বর্তমানে সিএমএইচের আইসিইউতে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনায় গুরুতর দগ্ধ প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে এই বিমানটি বিধ্বস্ত হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যান্টিনের ছাদে আছড়ে পড়েছে। তিনি বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।’

দুর্ঘটনাস্থলের নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রমে পুলিশের পাশাপাশি তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।

Tags: