চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের গুজব, ফায়ার সার্ভিসের দাবি—ঘটনা ঘটেনি
চট্টগ্রাম বন্দর এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছে দাবি করে কয়েকটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে কেউ বলছেন ‘বোমা বিস্ফোরণ’, আবার কেউ দাবি করছেন ‘সিলিন্ডার বিস্ফোরণ’। তবে ফায়ার সার্ভিস বলছে, বন্দর এলাকায় এমন কোনো ঘটনা ঘটেনি।
রোববার (১০ আগস্ট) মধ্যরাতে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে একটি ভবনে আগুন জ্বলতে দেখা যায়। অন্ধকারে মানুষের চিৎকার শোনা যায়। ভিডিওর ক্যাপশনে চট্টগ্রাম বন্দর এলাকার উল্লেখ থাকলেও চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম জানায়, তাদের কাছে এ ধরনের কোনো বিস্ফোরণের খবর নেই।
স্থানীয় বাসিন্দারাও জানিয়েছেন, বন্দর আবাসিক এলাকায় বোমা বিস্ফোরণ বা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
এ সময় ‘সত্যবার্তা’ নামে একটি ফেসবুক পেজে ভিডিও দিয়ে দাবি করা হয়—চট্টগ্রাম বন্দর এলাকার পাশে ভয়ংকর বিস্ফোরণ হয়েছে। তবে কোথায় বা কখন এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। ভিডিওটি ইতিমধ্যে ২৭ জন শেয়ার করেছেন।
বাদশা দাশনামে এক ফেসবুক ব্যবহারকারী লেখেন, 'এই মুহূর্তে চট্টগ্রাম বন্দর আবাসিক ভবনের ভয়ংকর বিস্ফোরণ। বহু মানুষ হতাহত হওয়ার আশঙ্কা। সকলে চট্টগ্রাম মেডিকেলে চলে আসো। আহতদের অনেক রক্তের প্রয়োজন।'
এ ছাড়া মুহাম্মদ গোলাম রহমান আরবী নামে আরেকজন দাবি করেন—চট্টগ্রাম বন্দর আশপাশে ভয়ংকর বিস্ফোরণ হয়েছে। তবে মন্তব্যে অনেকে কোথায় ও কখন বিস্ফোরণ ঘটেছে জানতে চাইলে তিনি কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। পরবর্তীতে তিনি জানান, তিনি বন্দরের নির্দিষ্ট স্থান জানেন না, ভিডিওটি তার পরিচিতদের কাছ থেকে পেয়েছেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, এটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি গুজব, যা যাচাই না করেই শেয়ার করা হচ্ছে।