ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 05:10 am
ছিনতাইকারী ধরতে গিয়ে বাসচাপায় পুলিশ সদস্যের মৃত্যু

আল আমিন সরদার

চট্টগ্রাম নগরীতে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে ধাওয়া করতে গিয়ে বাসের ধাক্কায় গুরুতর আহত পুলিশ কনস্টেবল আল আমিন সরদার মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

আল আমিন সরদার চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) শাখায় কর্মরত ছিলেন এবং কোতোয়ালি থানায় সংযুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর বাড়ি মাদারীপুরে।

পুলিশ জানায়, রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে নগরীর ওয়াসা মোড়ের ইস্পাহানি চেকপোস্টে দায়িত্ব পালনকালে সন্দেহজনক তিন যুবককে থামার সংকেত দেওয়া হয়। এ সময় তাঁদের একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে আল আমিন মোটরসাইকেলে করে তাকে ধাওয়া করেন। তখন পেছন থেকে একটি বাস তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

আহত আল আমিনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর পুলিশের সদস্যরা স্থানীয়দের সহায়তায় বাসটি জব্দ করেন এবং চালক মোশাররফ (৩৮) ও স্টাফ জয় দাসকে (৩০) আটক করেন। পরে তাঁদের গ্রেপ্তার দেখিয়ে সড়ক পরিবহন আইনে মামলা করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির জানান, আল আমিনের মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

আল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। দায়িত্ব পালনকালে তাঁর মৃত্যু কর্তব্যের প্রতি নিষ্ঠা ও আত্মত্যাগের দৃষ্টান্ত হয়ে থাকবে বলে তিনি উল্লেখ করেন।