আলোচনার মাধ্যমে বিরোধের সমাধান না হওয়ায় চট্টগ্রামে ফুডপান্ডার কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন রেস্তোরাঁ মালিকরা। দীর্ঘদিনের প্রচেষ্টা ও আলোচনার পর সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক।
শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দেন।
ভিডিও বার্তায় মঞ্জুরুল হক বলেন, 'ফুডপান্ডাকে আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছানোর জন্য ১৫ অক্টোবর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। কিন্তু দুঃখজনকভাবে, প্রতিষ্ঠানটি কোনো সন্তোষজনক সাড়া দেয়নি বা সমাধানের পথে এগিয়ে আসেনি।'
তিনি বলেন, 'দীর্ঘ প্রচেষ্টা ও আলোচনার পর চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকদের সম্মিলিত সিদ্ধান্তে ফুডপান্ডার কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।'
মঞ্জুরুল হক আরও বলেন, 'আমাদের লক্ষ্য বিরোধ নয়, ন্যায্য অধিকার ও সম্মানজনক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা। ঐক্যই আমাদের শক্তি। চট্টগ্রামের রেস্তোরাঁ মালিকরা ঐক্যবদ্ধ।'
তিনি জানান, রেস্তোরাঁ মালিকদের ন্যায্য অধিকার ও সম্মানজনক ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।