শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি নগরের রহমতগঞ্জের জে এম সেন হলের পূজামণ্ডপ পরিদর্শনের পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন।
জানা যায়, প্রধানমন্ত্রী সামরিক বিমানে চট্টগ্রামে পৌঁছাবেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জে এম সেন হলের পূজামণ্ডপে যাবেন তিনি। সেখানে প্রায় ৪০ মিনিট অবস্থান করার কথা রয়েছে। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও আর্থিক অনুদান দেওয়ার কর্মসূচিও রয়েছে।
পূজামণ্ডপ পরিদর্শনের পর নগরের হোটেল র্যাডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। সভায় দলের সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেন, প্রধানমন্ত্রীর চট্টগ্রাম সফরে পূজামণ্ডপ পরিদর্শন ও দলীয় নেতাদের সঙ্গে সাংগঠনিক সভার কর্মসূচি রয়েছে।
চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, সভায় অংশগ্রহণকারীদের তালিকা তৈরির কাজ চলছে। গত ৯ আগস্টের সভার তুলনায় এবার দলীয় নেতা-কর্মীর সংখ্যা কম রাখা হবে।
এর আগে গত ৯ আগস্ট হোটেল র্যাডিসন ব্লুতে চট্টগ্রাম মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা বিএনপির নেতাদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছিল।