ডেঙ্গু সামাল দিতে সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 04:10 am
ডেঙ্গু সামাল দিতে সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ

সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় রোগীর চাপ সামাল দিতে দেশের সব হাসপাতালে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। বিশেষ করে রাজধানীর হাসপাতালগুলোতে অতিরিক্ত শয্যার ব্যবস্থা করতে বলা হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, গত রোববার স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ডেঙ্গু পরিস্থিতি বিস্তারিত পর্যালোচনা করা হয়। সভা শেষে হাসপাতালগুলোর সক্ষমতা অনুযায়ী শয্যা বাড়ানোসহ বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক অধ্যাপক ডা. নুরুল ইসলাম জানান, ডেঙ্গু রোগীদের জন্য শয্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার হাসপাতালগুলোতে রোগীর চাপ বেশি থাকায় সেখানে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালকেও ডেঙ্গু রোগীদের জন্য শয্যা আরও বাড়াতে বলা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রোগীর চাপ কমাতে বার্ন ইউনিটের কিছু রোগীকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তরের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে স্থাপিত ফিল্ড হাসপাতালটি চালুর বিষয়েও চিন্তাভাবনা চলছে।

এছাড়া রাজধানীর বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিবর্তে কুর্মিটোলা মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালকে ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকায় রোগীর চাপ বেশি থাকায় রাজধানীর বিভিন্ন হাসপাতালের পরিচালকদের শয্যা বাড়াতে বলা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৬ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯০ হাজার ৩৫৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ২৮১ জন। শুধু গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৯৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন ১০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার পরিচালক বলেন, সংকটের সময় সরকারি হাসপাতাল রোগী ফিরিয়ে দেয় না। তবে রোগীর সংখ্যা হাসপাতালের শয্যা সক্ষমতা ছাড়িয়ে গেলে ভোগান্তি তৈরি হয়। সেই ভোগান্তি কমাতেই ঢাকার বাইরের হাসপাতালগুলোকেও প্রস্তুত রাখা হচ্ছে।