জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দিয়ে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করেছে ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণ।
রোববার (১৮ অক্টোবর) আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আপিল আবেদনটি করা হয়।
এর আগে গত ১০ সেপ্টেম্বর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের পক্ষে রায় দেন হাইকোর্ট। প্রতিষ্ঠানটির করা দুটি রিটের পরিপ্রেক্ষিতে জারি করা রুল খারিজ করে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।
গত ১২ অক্টোবর ওই রায়ের ১৫ ও ৩২ পৃষ্ঠার দুটি পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়। রায়টি ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ পর্যন্ত পাঁচ করবর্ষের কর দাবি নিয়ে করা মামলার সঙ্গে সংশ্লিষ্ট।
এর আগে ২০২৪ সালের ৪ অক্টোবর হাইকোর্টের একটি বেঞ্চ এনবিআরের দাবি করা অর্থ পরিশোধের বিষয়ে আগের একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করেন। পরে মামলাটি নতুন বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়।
রিট খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ওই অর্থ আদায় করতে পারবে এনবিআর বলে জানিয়েছেন আইনজীবীরা।