রাজধানীর ৩০০ ফিট এলাকায় এক পুলিশ কর্মকর্তার মালিকানাধীন বাসায় মাদক উদ্ধারের ঘটনায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদপ্তরের হেডকোয়ার্টার শাখায় সংযুক্ত করা হয়েছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ সদরদপ্তরের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এর আগে সোমবার দিবাগত রাতে ওই বাসায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়।
পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) আবদুল্লাহ আল জহিরকে হেডকোয়ার্টার শাখায় সংযুক্ত করার আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, ঢাকার ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ আবদুল্লাহ আল জহিরের একটি প্লট রয়েছে। সেখানে পাঁচটি কক্ষ নির্মাণ করে স্বল্পমেয়াদে বাসা ভাড়ার অনলাইন প্ল্যাটফর্ম ‘এয়ারবিএনবি’তে দেওয়া হয়েছিল। ওই বাসা ভাড়া নিয়ে ডিজে পার্টি ও মাদক সেবনসহ বিভিন্ন কর্মকাণ্ড চলত বলে তথ্য পায় পুলিশ।
এসব তথ্যের ভিত্তিতে বাসাটিতে অভিযান চালানো হয়। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা ও কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বাসাটিতে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলার তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতেই অভিযান চালানো হয়েছে। বাসাটি ওই পুলিশ কর্মকর্তা ভাড়া দিয়েছিলেন, তবে তিনি সেখানে থাকেন না।
অন্যদিকে, অভিযোগের বিষয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির গণমাধ্যমকে বলেন, সোমবার বাড়িটি একটি জন্মদিনের অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়া নেওয়ার সময় কী করা যাবে এবং কী করা যাবে না, তা জানিয়ে দেওয়া হয়েছিল। নিয়ম ভাঙলে এক লাখ টাকা জরিমানার ব্যবস্থাও রয়েছে। তাঁর দাবি, ভাড়া নেওয়া ব্যক্তিরা নিয়ম ভঙ্গ করেছেন।