বহর সম্প্রসারণে ইউরোপীয় নির্মাতা এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর মধ্যে চারটি দীর্ঘপাল্লার A350-900 এবং ছয়টি আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটের A321neo উড়োজাহাজ রয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি সই হয়। এয়ারবাস ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমেয়ার এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান রুমি এ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় থাকা চারটি A350-900 উড়োজাহাজ দীর্ঘপাল্লার আন্তর্জাতিক রুটে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। আর ছয়টি A321neo পরিচালনা করা হবে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে। ফলে আন্তর্জাতিক ও আঞ্চলিক উভয় রুটে বিমানের যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
নতুন এয়ারবাসগুলো যুক্ত হলে বিমানের বহরে বড় ধরনের বৈচিত্র্য আসবে। বর্তমানে সংস্থাটির জেট উড়োজাহাজের বড় অংশই বোয়িংয়ের তৈরি। নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর বিমান একই সঙ্গে বোয়িং ও এয়ারবাসের উড়োজাহাজ পরিচালনা করবে।
এয়ারবাস কেনার উদ্যোগটি বিমানের দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ ও আধুনিকায়ন পরিকল্পনার অংশ। এর আগে বিমান ২৫টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করেছে। ফলে এয়ারবাসের ১০টি উড়োজাহাজসহ বিমানের নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনায় মোট ৩৫টি বিমান যুক্ত হচ্ছে।
তবে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তির মোট বাণিজ্যিক মূল্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।