বোমা হামলার হুমকি, তল্লাশি করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 05:10 am
বোমা হামলার হুমকি, তল্লাশি করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে প্রবেশ

সংগৃহীত

অজ্ঞাত ই-মেইলে ‘গণবোমা’ হামলার হুমকির পর রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে সন্দেহজনক গতিবিধি তল্লাশি করে শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের প্রবেশ করতে দিচ্ছেন।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মো. নাসিরুল আমিন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার জন্য প্রচুর পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কারও গতিবিধি সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হচ্ছে এবং নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ‘টপিকেল চাইনিজ ম্যান’ নামের একটি আইডি থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ই-মেইল পাঠানো হয়। এতে মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা ১১টার দিকে একাধিক বোমা হামলার হুমকি দেওয়া হয়।

হুমকির ই-মেইল পাওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানায় এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়ে মেইলটি ফরোয়ার্ড করে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এক লিখিত বক্তব্যে জানায়, তারা এ ধরনের একটি অজ্ঞাত ই-মেইল পেয়েছে এবং বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে এবং তাদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা পাওয়া যাচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও জানানো হয়।

তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবির খান বলেন, এ ঘটনায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটি ‘পোটেনশিয়াল কোনো হুমকি’ নয় বলে মন্তব্য করে তিনি জানান, বাড্ডা থানায় জিডি হয়েছে এবং বিষয়টি ডিবির সাইবার টিম তদন্ত করছে।

এদিকে হুমকির ঘটনায় একাধিক গোয়েন্দা সংস্থাও কাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।