মেয়েকে নিয়ে ক্লাবে গিয়ে আর ফেরা হলো না সাবেক অতিরিক্ত সচিবের

BD REPORT
বিডি-রিপোর্ট 28 Oct 2026 04:10 pm
মেয়েকে নিয়ে ক্লাবে গিয়ে আর ফেরা হলো না সাবেক অতিরিক্ত সচিবের

অফিসার্স ক্লাব

রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের একটি নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, ভবনটির তৃতীয় তলা থেকে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর বনানীতে বসবাস করতেন।

অফিসার্স ক্লাব সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ১০টার দিকে ছোট মেয়েকে নিয়ে ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার শেখ জাহিদুল ইসলাম বলেন, মোশাররফ হোসেন চোখে কম দেখতেন। ধারণা করা হচ্ছে, তিনি ভবনটির তৃতীয় তলা থেকে নিচতলার ফাঁকা অংশে পড়ে যান। ঘটনাস্থলে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের সদস্যরা ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ তাঁদের কাছে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোশাররফ হোসেনের বড় মেয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তিনি দেশে ফেরার পর দাফন সম্পন্ন করা হবে বলে পরিবার জানিয়েছে।