রাজধানীর পুরান ঢাকার চকবাজারে বহুতল ভবনের একটি দোকানে লাগা আগুন পাঁচ ঘণ্টা পার হলেও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। ঘনবসতিপূর্ণ এলাকায় পানির স্থায়ী উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে উদ্ধারকর্মীদের।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৫টা ২ মিনিটে চকবাজারের ছোট কাটারা এলাকায় এসি মসজিদের পাশে ‘মুনসুর খান প্লাজা’ নামের বহুতল ভবনের ষষ্ঠ তলার একটি দোকানে আগুনের সূত্রপাত হয়।
খবর পেয়ে বিকেল ৫টা ৪ মিনিটে নিকটস্থ ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপণের গাড়ি পাঠানো হয়। ঘটনাস্থল থেকে ফায়ার স্টেশনের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। তবে যানজট ও সরু গলি পেরিয়ে বিকেল ৫টা ২২ মিনিটে ফায়ার সার্ভিসের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। এরপরই আগুন নেভানোর কাজ শুরু হয়।
ফায়ার সার্ভিসের সদর দপ্তর ও লালবাগ ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী কর্মকর্তারা জানান, পুরান ঢাকার ঘিঞ্জি এলাকায় তাৎক্ষণিকভাবে পানি সংগ্রহের কোনো প্রাকৃতিক বা স্থায়ী উৎস না থাকায় আগুন নেভাতে সমস্যা হচ্ছে। দূর থেকে হোসপাইপ টেনে এবং পানিবাহী গাড়ির মাধ্যমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।