দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন, পাশ কাটিয়ে গেলেন ত্রিবেদী

BD REPORT
বিডি রিপোর্ট 28 Oct 2026 10:10 pm
দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন, পাশ কাটিয়ে গেলেন ত্রিবেদী

কথা বলেছেন দীনেশ ত্রিবেদী

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে গেছেন দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটাতো মাথার ওপর দিয়ে গেল।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন ভারতের হাইকমিশনার।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়েও কথা বলেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের মধ্যে নানা সমস্যা ও চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী ও তাদের টিমকে প্রয়োজনীয় সময় দিতে হবে। দুই নেতা একসঙ্গে বসলে এমন কোনো প্রশ্ন নেই, যার সমাধান হবে না বলেও মন্তব্য করেন তিনি।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমাদের তো সবরকম সমস্যা ও চ্যালেঞ্জ রয়েছে। আমরা যদি মনে করি যে কোনো চ্যালেঞ্জ থাকবে না, তা সত্যি ভুল হবে। তবে একসঙ্গে বসলে এমন কোনো একটা প্রশ্ন নাই যার সমাধান হবে না।’

প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘দুই পক্ষই কাজ চালিয়ে যাচ্ছে এবং সঠিক সময়ে সফরটি হবে।’

এদিকে বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেন ভারতের হাইকমিশনার। তিনি বলেন, ‘দুই দেশের নেতাদের দেখা করার পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, খেলাধুলা, বাণিজ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড আরও বাড়ানো প্রয়োজন।’

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খান বলেন, ‘ভারতের হাইকমিশনারের সঙ্গে এটি সৌজন্য সাক্ষাৎ।’

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থানে ভাস্কর্য নির্মাণ না করে পানির ফোয়ারা নির্মাণের উদ্যোগ নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি সংবাদমাধ্যমে ‘ভুলভাবে’ উপস্থাপন করা হয়েছে।