ইশরাক হোসেন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছেন ইশরাক হোসেন। আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইশরাক জানান, সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগের খবর নিয়ে কিছু মানুষের উচ্ছ্বাস প্রকাশের প্রসঙ্গ টেনে ইশরাক লেখেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তাঁরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে ফিরে আন্দোলনে যোগ দেন।
তিনি আরও জানান, সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার পাশাপাশি দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।
নিজের পোস্টের শেষে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল!’