এনসিটি চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

BD REPORT
বিডি-রিপোর্ট 29 Oct 2026 05:10 am
এনসিটি চুক্তির প্রতিবাদে আগারগাঁওয়ে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ

আগারগাঁওয়ের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তির প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুর ২টা থেকে আগারগাঁওয়ে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ের সামনে সিপিবি, বাসদসহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিক্ষোভ করেন। বেলা পৌনে ৩টার দিকে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে চট্টগ্রাম বন্দরের সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের কনসেশন চুক্তি সই হয়। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটি ১৫ বছর এনসিটি পরিচালনার দায়িত্ব পেয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের পক্ষ থেকে তারা চুক্তির প্রতিবাদ জানাতে এসেছিলেন। তাদের দাবি, এ চুক্তি বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্বের জন্য হুমকি তৈরি করতে পারে।

তিনি আরও দাবি করেন, ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সম্পৃক্ততা রয়েছে এবং এনসিটি পরিচালনার দায়িত্ব দেওয়ার মাধ্যমে বাংলাদেশের নৌবন্দর ও বিমানবন্দর ব্যবহারের সুযোগ তৈরি হতে পারে।

সাজ্জাদ জহির চন্দনের অভিযোগ, তাদের শান্তিপূর্ণ সমাবেশের একপর্যায়ে পুলিশ বিনা উসকানিতে লাঠিচার্জ করেছে। এতে তিনি নিজেসহ অনেক নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেন।