সংগৃহীত
অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের মুখে পড়া মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে তাঁকে ডেকে এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছে আজকের পত্রিকা।
প্রতিবেদন অনুযায়ী, সরকার-সংশ্লিষ্ট উচ্চপর্যায়ের একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত এ বিষয়ে সরকারের দায়িত্বশীল কারও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাঁকে আগ্নেয়াস্ত্র হাতে কয়েকজনের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদেরও অস্ত্র হাতে দেখা গেছে। আটক কয়েকজনকে পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্যও রয়েছে।
ইশরাকের দাবি, ওই এলাকায় গুলির ঘটনা ঘটায় নিরাপত্তার স্বার্থে তিনি অস্ত্র নিয়ে অভিযানে যান। রেললাইনের পাশে অস্থায়ী ঘর তৈরি করে মাদক কেনাবেচা হচ্ছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের আটক ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
এদিকে, অভিযানে অস্ত্র হাতে অংশ নেওয়ার ঘটনা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।