প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলে তা বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহেদ উর রহমান বলেন, 'ড. ইউনূসের ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সাবেক প্রধান উপদেষ্টা হিসেবে তাঁর যে ভিভিআইপি মর্যাদা পাওয়ার কথা, যুক্তরাষ্ট্রে তাঁর নিরাপত্তা ও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ঘাটতি ছিল কি না, তা-ও খতিয়ে দেখবে সরকার।'
তিনি আরও বলেন, 'সরকারের একজন গুরুত্বপূর্ণ প্রতিমন্ত্রী এবং জুলাই আন্দোলনে সংহতি প্রকাশ করা এক অভিনেত্রীও একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। ওই অভিনেত্রীর ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এ ধরনের ঘটনার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।'
স্থানীয় সময় সোমবার (১২ অক্টোবর) নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে পৌঁছানোর পর হুইলচেয়ারে থাকা ড. ইউনূসকে ঘিরে কয়েকজন ব্যক্তি উচ্চস্বরে স্লোগান দেন এবং তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নিয়ে ড. ইউনূস কিংবা তাঁর প্রতিনিধিদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।