জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 04:10 am
জুলাই সনদ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (৬ অক্টোবর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে কমিটির ষষ্ঠ বৈঠক শেষে সংসদ মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপির নোট অব ডিসেন্টসহ সনদে যেভাবে স্বাক্ষর হয়েছে, সেভাবেই তা বাস্তবায়ন করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্যই তো আমরা এই সংবিধান সংশোধন কমিটিতে সবার বক্তব্য শুনছি। যেভাবে নোট অব ডিসেন্টসহ জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হয়েছে, সেটা বাস্তবায়নে আমরা অঙ্গীকার, প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সেটা বহুবার বলেছি।’

তিনি বলেন, ‘কেউ এখন যদি দাবি করে যে নোট অব ডিসেন্ট বেঁধে রেখে বাস্তবায়নের জন্য; সে জায়গায় আমরা নাই। ঐকমত্য সেখানে হয়নি। ঐকমত্যে দিয়েছে সবাই স্বাক্ষর করেছে। এটা জাতীয় একটা অনুষ্ঠানের মাধ্যমে স্বাক্ষরিত হয়েছে। আমরা সেই জুলাই জাতীয় সনদ অবশ্যই যেভাবে স্বাক্ষরিত হয়েছে, সেভাবে বাস্তবায়ন করব।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'শুধু জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করলেই সংবিধান সংশোধনের অন্য বিষয়গুলো বাদ পড়ে যেতে পারে। তাই সংবিধান সংশোধনের ক্ষেত্রে আরও বিষয় বিবেচনায় নেওয়া হবে।'

তিনি বলেন, 'নির্বাচনী ইশতেহারসহ বিভিন্ন পক্ষের প্রস্তাব এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামতও বিবেচনায় নেওয়া হবে। এসব বিষয় সমন্বয় করে সংসদে একটি বিল উপস্থাপনের জন্য প্রতিবেদন দেওয়া হবে।'

এদিকে বৈঠকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে মতবিনিময় করে বিশেষ কমিটি। এতে শহীদের মা-বাবা, ভাইসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে মোট ৬৩ জন অংশ নেন।

শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা জুলাই গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি এবং তাদের সাংবিধানিক সুরক্ষার দাবি জানিয়েছেন বলে জানান কমিটির সভাপতি। পাশাপাশি জুলাই ঘোষণাপত্রের সংশ্লিষ্ট বিষয়গুলো সংবিধানের উপযুক্ত জায়গায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবও এসেছে।

জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সুরক্ষার জন্য আইন করা হয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'তাদের জন্য সাংবিধানিক সুরক্ষাও সংবিধানের নির্দিষ্ট জায়গায় রাখা হবে।'

এছাড়া জুলাই গণঅভ্যুত্থানে দায়ীদের বিচার দ্রুত করার দাবিও এসেছে বলে জানান তিনি। মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচার ত্বরান্বিত করতে সরকার আন্তরিক বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।