লন্ডনে মারা গেলেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী
তৌফিক ইমরোজ খালিদী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী লন্ডনে মারা গেছেন। শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিডিনিউজের একাধিক সাংবাদিক।
দেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা তৌফিক ইমরোজ খালিদী ২০০৬ সাল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এর আগে বাংলাদেশের একটি ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন তিনি। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেছেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণও নিয়েছেন।
সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা ছিল তাঁর। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ বিভিন্ন ক্ষেত্রে সাংবাদিকতা করেছেন তিনি।
২০১৭ সালে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পুরস্কারে বিশেষ সম্মাননা পান তৌফিক ইমরোজ খালিদী। ডিজিটাল বাংলাদেশে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
২০০৬ সালে তাঁর নেতৃত্বে বিডিনিউজ নতুন ব্যবস্থাপনায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করে। দেশের অনলাইন সাংবাদিকতার প্রসারেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
তবে লন্ডনে তাঁর মৃত্যুর কারণ, বয়স এবং শেষ সময়ের বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।