মুক্তিযোদ্ধা তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই

BD REPORT
বিডি-রিপোর্ট 27 Oct 2026 04:10 am
মুক্তিযোদ্ধা তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই

সংগৃহীত

মুক্তিযোদ্ধা তালিকা আরও নির্ভুল করতে চুলচেরা যাচাই-বাছাই চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তিনি বলেছেন, দল-মতের ঊর্ধ্বে উঠে প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় রাখা এবং অ-মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়াই এ কার্যক্রমের লক্ষ্য।

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহিদদের তালিকা এবং বীর মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের প্রকৃত তালিকা প্রণয়নের কৌশল ও করণীয় নির্ধারণে আয়োজিত মতবিনিময় সভা শেষে মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, 'মুক্তিযোদ্ধাদের তালিকা দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে যাচাই করা হবে। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় রাখা এবং অ-মুক্তিযোদ্ধাদের বাদ দেওয়ার লক্ষ্যেই যাচাই-বাছাই চলছে।'

আহমেদ আযম খান বলেন, 'মুক্তিযুদ্ধের প্রকৃত যোদ্ধাদের সঙ্গে অনেক অ-মুক্তিযোদ্ধা যুক্ত হওয়ার অভিযোগ দীর্ঘদিনের। একইভাবে ১৯৭১ সালের শহিদদের তালিকা এবং মুক্তিযুদ্ধের সময় নির্যাতনের শিকার বীরাঙ্গনাদের তালিকা নিয়েও নানা আলোচনা ও বিতর্ক রয়েছে। এসব বিষয় দল-মতের ঊর্ধ্বে উঠে নির্মোহভাবে যাচাই করে সঠিক তথ্য তুলে আনার চেষ্টা করছে মন্ত্রণালয়।'

তিনি বলেন, 'স্বাধীনতার ইতিহাস সঠিকভাবে লিপিবদ্ধ করতে চায় সরকার, যাতে ভবিষ্যৎ প্রজন্ম প্রজন্মান্তরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে।'

নতুন করে মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 'নতুন করে আবেদন নেওয়া হচ্ছে না। স্বাধীনতার ৫৫ বছর পরও কেন মুক্তিযোদ্ধা হিসেবে আবেদন নেওয়া হবে, সেটি প্রশ্ন। তাই ৭ অক্টোবরের পর নতুন করে আবেদন নেওয়া হবে না বলে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে।'

মন্ত্রী জানান, যারা ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের আবেদন চুলচেরা যাচাই-বাছাই করা হবে। সততা ও নিষ্ঠার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে কেউ প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে বাদ পড়ে থাকলে তাকে তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তবে চূড়ান্ত যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ প্রকৃত মুক্তিযোদ্ধারাই তালিকায় থাকবেন।